লাল-প্রোফাইলে শোক-প্রতিবাদ
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি প্রজ্ঞাপন অনুযায়ী, মঙ্গলবার (৩০ জুলাই) সকাল থেকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতায় নিহতদের স্মরণে কালো ব্যাজ ধারণ করে শোক প্রকাশ করছেন শোক পালনের অংশ হিসেবে সরকারি কর্মকর্তা-কর্মচারীরসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। অপরদিকে সোশ্যাল মিডিয়ায় লাল রংয়ের প্রোফাইল ফটো দিয়ে এই শোক ও ক্ষুব্ধতা প্রকাশ করছে কোটা আন্দোলনরত শিক্ষার্থী ও তাদের সমর্থকেরা।
প্রোফাইলে লাল ছবি দেওয়ার পাশাপাশি অনেককে চোখে ও মুখে লাল কাপড় বেঁধে একক ও দলীয় ছবিও দিতে দেখা গেছে।
লাল কাপড় বাঁধার কারণ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, ‘সরকার দেশব্যাপী গণহত্যা চালিয়ে তারপর ছাত্রদের আন্দোলনকে ‘সহিংসতা’ হিসেবে উল্লেখ করে নিহতদের স্মরণে শোক দিবস ঘোষণা করে নিহত শহীদদের সঙ্গে তামাশা করেছে। এর প্রতিবাদে আমরা তাদের কালো ব্যাজ ধারণ কর্মসূচিকে বয়কট করেছি। এখনো তাদের হাতে রক্ত লেগে আছে। তাই আমাদের কর্মসূচি লাল কাপড় মুখ ও চোখে বেঁধে অনলাইন ক্যাম্পেইন করা।’
এর আগে সোমবার (২৯ জুলাই) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, কোটাবিরোধী আন্দোলনের নামে সংঘটিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডে হতাহতের ঘটনায় নিহতদের স্মরণে ৩০ জুলাই সারাদেশে শোক পালন করা হবে। বিপরীতে রাতে এক বিবৃতির মাধ্যমে চোখে ও মুখে লাল কাপড় বেঁধে ছবি তোলা এবং অনলাইনে তা ব্যাপকভাবে প্রচারের কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ হেফাজতের বাইরে থাকা সমন্বয়করা।







